দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় বিদ্যুৎ ও রাজু নামে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১১টায় ডি ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও বিভাগ পরিবর্তনের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্সি দিতে আসা মো. বিদ্যুৎ হোসেন (৩১) জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচপাইকা গ্রামের বাসিন্দা। তিনি বৈরাগীর মোড় এলাকায় অবস্থিত নিউক্লিয়াস কোচিং সেন্টারের ইংরেজি বিষয়ের শিক্ষক। অপরজন রাজু আহমেদ (২৯) ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ হোসেন জয়পুরহাটের হারাইল হাউজ স্টেট এলাকার বাসিন্দা আবুল হাসনাতের ছেলে হুজাইফা সাবিতের হয়ে প্রক্সি দিতে আসেন। প্রক্সি দেওয়ার বিনিময়ে হুজাইফা সাবিতের মামা আবুজার গিফারীর সঙ্গে বিদ্যুৎ হোসেনের একটি মোটরসাইকেল কিনে দেওয়ার চুক্তি হয়।
অন্যদিকে, রাজু আহমেদ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বাসিন্দা এস. এম. এনামুর রহমানের ছেলে আকীব রাহা তিতুমীরের হয়ে অর্থের বিনিময়ে প্রক্সি দিতে আসেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, গত দুই দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে আজ ডি ইউনিটের পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশের সহযোগিতায় পুরো চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং যাদের হয়ে তারা পরীক্ষা দিতে এসেছিলেন, তাদের পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন