সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ বেশ কয়েকজন কর্মচারী নেতা।
এ সময় কর্মচারীরা বিগত সময়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে অংশ নেওয়া বিভিন্ন কর্মসূচি এবং সরকারের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। এরপর নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা জানতে চান তারা।
এ সময় প্রতিমন্ত্রী জানান, ‘পে স্কেল বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কর্মচারীরা ধাপে ধাপে তাদের নতুন বেতন কাঠামো পাবেন। কতদিন সময় লাগবে তা এখনো চূড়ান্ত নয়।’
এর আগে, বিদায়ী অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন পে স্কেল নিয়ে সুখবর দেন। বিদায় বেলায় নতুন অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে শক্ত সুপারিশ রেখে গেছেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদের ২৯ পৃষ্ঠার ‘উত্তরাধিকারী নোট’-এ তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন