আবারও ফিরে এসেছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে ফলও। দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন। দেশের সব শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা সংবলিত গেজেট ওয়েবসাইটে প্রকাশ শুরু করেছে।
এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। যার মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। এ বছর অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
শিক্ষামন্ত্রী জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা বৃত্তি ৪৫০ (চারশ পঞ্চাশ) টাকা ও এককালীন অনুদান (বার্ষিক) ৫৬০ (পাঁচশ ষাট) টাকা এবং সাধারণ বৃত্তি মাসিক ৩০০ (তিনশ) টাকা ও এককালীন অনুদান (বার্ষিক) ৩৫০ (তিনশ পঞ্চাশ) টাকা হারে বৃত্তিপ্রাপ্ত হবে।
এবার অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়- এই পাঁচ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট নম্বর ছিল ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০ এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ করে নম্বর নির্ধারিত ছিল। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় ছিল ৩ ঘণ্টা।

