বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের বদলির জন্য তৈরি করা নতুন সফটওয়্যারের ডেমো আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) যাচাই করবে, তারপর চূড়ান্ত প্রদর্শনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি সফটওয়্যার নিয়ে তারা সন্তুষ্ট। তবে বৃহৎ পরিসরে যাচাই করার জন্য এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে শিক্ষকদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর সফটওয়্যার যাচাই শেষে প্রদর্শনীর তারিখ চূড়ান্ত করা হবে।
মাউশির এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, সফটওয়্যার তৈরি হয়েছে। যেহেতু অনেক শিক্ষকের তথ্য রয়েছে, তাই বৃহৎ পরিসরে যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এটি মন্ত্রণালয়ে প্রদর্শন করা হবে এবং আশা করা হচ্ছে চূড়ান্ত অনুমোদন মিলবে।
এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। তারা প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এই সুযোগ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বদলির কার্যক্রম শুরু করার উদ্যোগ নেন এবং একটি নীতিমালা প্রণয়ন করা হয়। কিন্তু শিক্ষকদের রিট, সফটওয়্যার প্রস্তুত না থাকা ও নীতিমালা সংশোধনের কারণে বদলি কার্যক্রম এখনো শুরু হয়নি। সফটওয়্যার তৈরি না হওয়ায় নতুন নীতিমালার কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন