দেশের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ‘স্মার্ট ক্লাসরুম স্থাপন’ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) কার্যক্রমের অংশ হিসেবে ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫০টি বিদ্যালয়ে মোট ৩০০টি স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে।
মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজ উদ্দীন আহম্মদের সই করা এক নির্দেশনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের নির্ধারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
অফিস আদেশে জানানো হয়, চীনা কারিগরি দলের সরবরাহ করা প্রশ্নমালার ভিত্তিতে বিদ্যালয়গুলোর বর্তমান অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা হবে। এ লক্ষ্যে একটি গুগল ফরম চালু করা হয়েছে, যেখানে নির্ধারিত তথ্য প্রদান করতে হবে।
মাউশি জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান এখনো তথ্য জমা দেয়নি, তাদের আগামী ৫ মার্চের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। তবে যারা ইতোমধ্যে তথ্য জমা দিয়েছে, তাদের পুনরায় তথ্য দেওয়ার প্রয়োজন নেই।
এ ছাড়া জেলা শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার নির্বাচিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাঠানো নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন