ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাসের পরে আলোচনায় আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা এবার অনার্সে সাফল্য অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ৮ম সেমিস্টারের ফলাফলে তিনি পেয়েছেন ৩.৬৬ সিজিপিএ, যা তার অনার্স ডিগ্রিতে ফার্স্ট ক্লাস নিশ্চিত করেছে।
বুধবার (৪ মার্চ) রেজাল্ট পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খাদিজা তার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি লেখেন, অবশেষে রেজাল্টসহ গ্রাজুয়েট হলাম, আলহামদুলিল্লাহ। অনার্সের রেজাল্ট ফার্স্ট ক্লাস।
তবে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাকে পরীক্ষা চলাকালীন মানসিক আক্রমণ সহ্য করতে হয়েছে।
তিনি আরও বলেন, যারা আমাকে মানসিকভাবে নির্যাতন করেছেন, তারা আজও বিভাগে গর্বের সঙ্গে কাজ করছেন। শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাবের কারণে আমাদের মতো শিক্ষার্থীরা অনেক ভোগান্তির সম্মুখীন হয়।
উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজা ২০২০ সালের অক্টোবরে অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলায় গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্ত হয়ে শিক্ষাজীবন পুনরায় শুরু করেন।
সম্প্রতি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন