পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রডশিট জবাব সময়মতো না পাঠালে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও (মাসিক বেতন আদেশ) স্থগিত বা বাতিল করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখার এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (DIA) বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্রডশিট জমা দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু অনেক জায়গায় দীর্ঘ সময় পরেও তা পাওয়া যায় না। ফলে প্রতিবেদনে উল্লিখিত আর্থিক ও প্রশাসনিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয় না।
আদেশে জানানো হয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা ব্রডশিট জমা দিতে দেরি করলে তা দায়িত্বপালনে অবহেলা হিসেবে গণ্য হবে। সব পেন্ডিং ব্রডশিট জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ার ক্ষেত্রে ‘এমপিও নীতিমালা ২০২৫’-এর ১৮.১ (খ) ধারার অনুযায়ী, সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল হবে। এই নির্দেশনার উদ্দেশ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং অডিট রিপোর্টে উল্লিখিত সকল সমস্যা দ্রুত সমাধান করা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন