তথ্য ভুলের কারণে এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধের জন্য বেতন শিট সাবমিট কার্যক্রম চলমান রয়েছে। ঈদুল ফিতরের ছুটি শেষে বকেয়া উৎসব ভাতা ও বেতন বিল ছাড়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (২৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকতা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বকেয়া বিল সাবমিটের সময়সীমা অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু শিক্ষকরা বিল সাবমিট না করায় তাদের সুযোগ দেয়া হয়েছে। ঈদুল ফিতরের ছুটির পর একটা মিটিং করে বিল সাবমিটের অপশন বন্ধ করা হবে। এরপর যারা বিল সাবমিট করেছেন তাদের টাকা দেয়ার ব্যবস্থা করা হবে। এর মধ্যে বকেয়া উৎসব ভাতা ও বেতন রয়েছে।
এর আগে, শিক্ষকদের অনাগ্রহের কারণে বিল সাবমিট কার্যক্রম ধীরগতিতে চলছিলো। শিক্ষকদের দ্রুত বিল সাবমিটের আহ্বান জানিয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা।
গত ২৮ ফেব্রুয়ারি ইএমআইএস সেলের এক কর্মকতা বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য বিল সাবমিট করেননি ১ হাজার ৩৩৫ শিক্ষক। তবে অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, শিক্ষকরা ধীরগতিতে বিল সাবমিট করছেন। তারা দ্রুত আবেদন করলে আমরাও এটা থেকে মুক্ত হতে পারি, তারাও টাকাটা পান। কিন্তু তারা তো বিল সাবমিট করছে খুব ধীরগতিতে। আমরা অপেক্ষায় আছি তাদের বিল সাবমিটের জন্য।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন