ঈদের ছুটি শেষ হতে না হতেই আবারও টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থীরা এবার পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। এর আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মিলছে টানা তিন দিনের ছুটি।
এদিকে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষা কার্যক্রম কীভাবে চালানো হবে, তা নিয়ে চলছে উচ্চপর্যায়ের আলোচনা। সরকার পরিস্থিতি বিবেচনায় এনে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। সেখানে জ্বালানি সাশ্রয় এবং শিক্ষার্থীদের পাঠদান সচল রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ে হাইব্রিড পদ্ধতিতে (অনলাইন ও সরাসরি) ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
যদি মন্ত্রিসভায় অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত অনুমোদন পায়, তাহলে টানা তিন দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসও শুরু হতে পারে। এতে করে একদিকে জ্বালানি ব্যবহারে সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনাও অব্যাহত রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, খ্রিষ্টান ধর্মবিশ্বাস অনুযায়ী ইস্টার সানডে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। বিশ্বাস করা হয়, এ দিনে ঈশ্বরপুত্র যিশু খ্রিষ্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন এবং মানবজাতির মুক্তির বার্তা দেন। এর আগে গুড ফ্রাইডেতে তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। মৃত্যুর তৃতীয় দিনে, অর্থাৎ রোববার তাঁর পুনরুত্থানের ঘটনাকে স্মরণ করেই বিশ্বজুড়ে ইস্টার সানডে পালন করা হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন