এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা প্রদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৮ এপ্রিল) এ অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ১৩ এপ্রিল থেকে ভাতার অর্থ বিতরণ শুরু হবে বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩৮৮ টাকা বৈশাখী ভাতা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতির মাধ্যমে সংশ্লিষ্টদের হিসাবে পাঠানো হবে।
তথ্য অনুযায়ী, স্কুল পর্যায়ে ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী এ ভাতা পাবেন। এর মধ্যে স্কুলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২৭৬ টাকা এবং কলেজের জন্য ৫২ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১২ টাকা।
এই ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের নির্ধারিত বরাদ্দ এবং অন্যান্য খাত থেকে সমন্বয় করে নির্বাহ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট দপ্তর থেকে সরাসরি শিক্ষক-কর্মচারীদের হিসাবে বৈশাখী ভাতার অর্থ পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন