এমপিওভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চলতি বছরের এপ্রিল মাসের বেতন এবং ঈদুল ফিতরের উৎসব ভাতা যথাসময়ে পাওয়ার আশ্বাস পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ নিয়ে কোনো ধরনের জটিলতা বা বিলম্বের আশঙ্কা নেই।
সূত্রের বরাতে জানা যায়, আগামী ১০ মের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং উৎসব ভাতা পরিশোধ করা হবে। এবার থেকে অর্থ ছাড়ের ক্ষেত্রে আর দেরি হওয়ার সুযোগ রাখা হচ্ছে না বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে প্রস্তাব পাঠানোর পরপরই দ্রুত অনুমোদনের মাধ্যমে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এরই মধ্যে এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের বিল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী চলতি মাসের ১৬ এপ্রিল বিকেল ৩টার মধ্যেই বিল সাবমিট করা হয়।
অন্যদিকে, কারিগরি শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ১৫ এপ্রিল ছাড় করা হলেও ২১ এপ্রিল পর্যন্ত তা ব্যাংক থেকে উত্তোলন করা সম্ভব হয়েছে। তবে দেরিতে ভাতা পাওয়ায় অনেক শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষক-কর্মচারীদের দাবি, উৎসব ও বেতন ভাতা সময়মতো নিশ্চিত করা হলে আর্থিক চাপ অনেকটাই কমে আসবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন