যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী Times Higher Education (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) সমগ্র এশিয়ার মধ্যে ৪০১-৫০০তম অবস্থান অর্জন করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে কৃষি শিক্ষায় শীর্ষস্থান ধরে রেখেছে।
গত ২৩ এপ্রিল প্রকাশিত এ র্যাঙ্কিং অনুযায়ী, দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি সরাসরি এবং ৯টি রিপোর্টার বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে দৃঢ় অবস্থান তুলে ধরেছে।
গবেষণায় ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে স্বীকৃত গাকৃবি এবারও গুণগত গবেষণায় (রিসার্চ কোয়ালিটি) অসাধারণ সাফল্য দেখিয়ে ৬৭ স্কোর অর্জন করেছে।
এ বছরের র্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি সূচকে মূল্যায়ন করা হয়েছে। ২০২৫ সালের টিএইচই এশিয়া র্যাঙ্কিংয়েও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল গাকৃবি।
এছাড়া, কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নেও নেতৃত্বের স্বাক্ষর রেখেছে। একই ধারাবাহিকতায়, টিএইচই র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬ সালে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যেও গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে।
অন্যদিকে, ইউআরআই ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৭৭তম স্থান অর্জন করে জাতীয়ভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
র্যাঙ্কিংয়ে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ধারাবাহিক এই সাফল্য শুধু একটি অবস্থান নয়, বরং এটি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসের স্বীকৃতি।
তিনি আরও বলেন, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষস্থান ধরে রেখে কীভাবে বিশ্বের ১০০-২০০তম অবস্থানে পৌঁছানো যায়, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। অচিরেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষির সার্বিক উৎকর্ষ সাধন এবং খাদ্য নিরাপত্তায় সরকারের মিশন-ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে গাকৃবি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন