ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার পাশাপাশি সারা দেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তি মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জাবি ছাত্রশক্তির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, আমরা দেখেছি, অতীতে ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে। আর জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু এখন আবার পেশিশক্তি ও সংঘর্ষ বাড়ছে, যা উদ্বেগজনক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করছি।
জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা দেখেছি, অতীতে বিভিন্ন ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে বিস্তার লাভ করেছে। সেই অভিজ্ঞতা থেকে জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু দুই বছর পর আবার ক্যাম্পাসে পেশিশক্তির উত্থান ও সংঘর্ষের প্রবণতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সাধারণ শিক্ষার্থীরা কখনোই সহিংসতা চায়নি; তারা চেয়েছে ঐক্য ও সহনশীলতার রাজনীতি। তাই আমরা উভয় পক্ষকে আহ্বান জানাই—সহিংসতা পরিহার করে আবার ঐক্যের পথে ফিরে আসুন।
তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা যখন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করছে, তখনই সারা দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। এতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমরা মনে করি, কার্যকর উদ্যোগ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
এ সময় মানববন্ধনে জাবি শাখা ছাত্রশক্তির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, জাকসুর কার্যকরী সদস্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন