জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রূপালী বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সিয়াম আবু রাফি।
বৃহস্পতিবার (২১ মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল জানান, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দুই পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। একইসঙ্গে অন্যান্য পদেও নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসফিকুর রহমান মুসফিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিমন ইসলাম।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্যা ঢাকা ডায়েরির মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য দ্যা স্টুডেন্ট জার্নালের রাকিব খান এবং দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রূপালী বাংলাদেশের প্রতিনিধি মো. সিয়াম আবু রাফি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১৮তম আবর্তন) এর নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে মো. সিয়াম আবু রাফি বলেন, ‘এটা সত্যিই দারুন অনুভূতি, সেই স্কুলে থাকতে সাংবাদিকতায় জড়িয়েছি তবে এই প্রথম কোন সাংবাদিক সংগঠনের দায়িত্বে আসা আমার জন্য অসাধারণ প্রাপ্তি। আমার উপর যারা আস্থা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সংগঠনের স্বার্থে আমি সর্বাত্মক চেষ্টা করব। তাই আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য আমি সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থী।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সফলতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১৭ মে সদস্যদের মতামত ও নির্বাচন সমন্বয়কের সুপারিশের ভিত্তিতে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। পরবর্তীতে ১৮ মে নির্বাচনি তপশিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়। পরে নির্বাচন শেষে নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন