শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তিনি প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরের বয়সসীমায় পৌঁছালে সে ক্ষেত্রে অবসরের তারিখ পর্যন্তই তার দায়িত্ব বহাল থাকবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে দায়িত্ব পালনের স্বার্থে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ নিয়োগাদেশ যে কোনো সময় বাতিল করতে পারবেন। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
অধ্যাপক ড. জাহিদুর রহমানের এই নিয়োগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন