রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনে কোনো আমন্ত্রণপত্র পাননি সাংবাদিকরা। বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে সাংবাদিকদের সকাল ৮টা পর্যন্ত ভেন্যুতে প্রবেশের পাসকার্ডও দেওয়া হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুই দফা তারিখ পরিবর্তনের পর আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনের অতিথি নির্বাচন, আর্থিক স্বচ্ছতা ও অনুষ্ঠানের তারিখসহ নানা বিষয়ে গ্র্যাজুয়েটদের অভিযোগ থাকলেও সেগুলো আমলে না নিয়ে সমাবর্তন আয়োজন করা হয়েছে।
এদিকে সমাবর্তনের আগের দিন গতকাল রাত পর্যন্ত সাংবাদিকদের কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দেওয়া হয়নি। এমনকি অনুষ্ঠানের বিস্তারিত সূচিও জানানো হয়নি। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেবল একটি সংক্ষিপ্ত সূচি প্রকাশ করা হয়।
তবে এই আয়োজন নিয়ে কোনো সংবাদ সম্মেলন কিংবা সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া সাংবাদিকদের ভেন্যুতে প্রবেশের জন্য একটি রেজিস্ট্রেশন ব্যবস্থা থাকলেও আজ সকাল ৮টা পর্যন্ত জনসংযোগ দপ্তর পাসকার্ড প্রস্তুত করতে পারেনি।
যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরোপ্রধান শিবলী নোমান রাত ৩টার দিকে ফেসবুকে লেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন কাল সকালেই। রাত ৩টা পর্যন্ত সংবাদমাধ্যমগুলোর অধিকাংশকেই আমন্ত্রণপত্র দূরের কথা, কেউ ফোন করেও জানানোর প্রয়োজন বোধ করেনি। ২৫ বছর সংবাদকর্মী হিসেবে কাজ করছি- এমন পরিস্থিতি এই প্রথম দেখলাম।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাজশাহী ব্যুরোপ্রধান বুলবুল হাবিব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এতটা অকার্যকর জনসংযোগ দপ্তর আর কোথাও দেখেছি কিনা, বলতে পারি না।
এ বিষয়ে গতকাল রাত ১২টার দিকে ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের জিসান তাঁর ফেসবুক পোস্টে লেখেন, সমাবর্তনের সংবাদ কাভারের জন্য সাংবাদিকদের যে পাসকার্ড দেওয়ার কথা, তা এখনো তৈরি করতে পারেনি রাবির জনসংযোগ দপ্তর। এভাবেই চলছে রাবি।
ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদির লেখেন, বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে অথচ কোনো সংবাদ সম্মেলন করেনি প্রশাসন। সাংবাদিকদের অফিসিয়ালি আমন্ত্রণও জানানো হয়নি। নকীবালয় চলছে তাদের মর্জিমতো।
এখন টিভির রাজশাহী প্রতিনিধি মারুফ হাসান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন উপলক্ষে প্রচার-প্রচারণা কমিটি গঠনের কথা শুনেছি। অথচ কাল সমাবর্তন, এখনো কোনো সংবাদ সম্মেলন হয়নি, সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়নি।
ক্যাম্পাসে দু-চারটি পোস্টার ও ব্যানার ঝুলিয়েই কি দায় সারছে প্রশাসন? শিক্ষার্থীদের একাংশ ইতোমধ্যে সমাবর্তন বয়কট ঘোষণা করেছে। সাংবাদিকরাও যদি একই সিদ্ধান্ত নেন, তার দায় কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারবে?
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের মুঠোফোনে গতকাল রাতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দপ্তর জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারকে গতকাল রাত থেকে একাধিকবার ফোন করা হলেও তিনিও সাড়া দেননি।


