ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনছারকে দুই বছরের জন্য সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের আগস্ট মাসে বাংলা ডিসিপ্লিনের এক ছাত্রী অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে অশালীন আচরণ, যৌন হয়রানি এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। এর কিছুদিন পর অন্য একটি বিভাগের আরেক নারী শিক্ষার্থী একই ধরনের পৃথক অভিযোগ করেন। এসব অভিযোগের তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের তদন্ত কমিটি গত ২৬ ডিসেম্বর দুটি প্রতিবেদন জমা দেয়। পরে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেট সভায় প্রতিবেদন দুটি উপস্থাপন করা হয়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান জানান, সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে একটি অভিযোগ থেকে অধ্যাপক রুবেল আনছারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অন্য অভিযোগে তাঁকে আগামী দুই বছর বাংলা ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষা গ্রহণসহ সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সংশ্লিষ্ট শিক্ষককে এ সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন