ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫ দাবিতে পুলিশ সুপারকে হাবিপ্রবি ছাত্রশিবিরের স্মারকলিপি

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৪:৫০ এএম
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, অস্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপসহ পাঁচ দফা দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাবিপ্রবি শাখা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আনোয়ার হোসেন স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে হাবিপ্রবি ছাত্রশিবিরের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়— বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন; অস্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া; সিএনজি, অটোরিকশা ও রিকশার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর নজরদারি; গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় পুলিশি টহল জোরদার করা এবং ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রেজওয়ানুল হক বলেন, ছাত্রশিবির একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষা উপলক্ষে এই পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাশাপাশি এসব সড়কে দুর্ঘটনার ঘটনাও ঘটে এবং ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখেই আমাদের সংগঠনের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।