যমুনায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)–এর নেতৃত্ববৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি রায়সাহেব বাজার এলাকা প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহীদ হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল। তিনি বলেন, আমাদের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারই আমাদের ওপর গুলি চালিয়েছে। এই সরকার আমাদের নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই গণ-আন্দোলনের পর সবচেয়ে জরুরি ছিল পুলিশ সংস্কার, কিন্তু তা করা হয়নি।
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, এক জুমাবারে আমার ভাই হাদিকে হত্যা করা হয়েছে, আরেক জুমাবারে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা আর মার খেতে চাই না। জুলাইয়ে পুলিশের ভূমিকা সবাই দেখেছে। আমরা পুলিশের সংস্কার চাই।
সমাবেশে জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বহিষ্কার করে নতুন করে শিক্ষার্থী নিয়োগের দাবি জানানো হয়েছিল। কিন্তু পুলিশের ভূমিকার কোনো পরিবর্তন হয়নি। শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে তারা গুলি চালায়, অথচ হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থ হয়। আমরা পুলিশ সংস্কার চাই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন