ভাষার জন্য জীবন দেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহান শহীদ দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন প্রেস ক্লাবের সদস্যরা। পুষ্পস্তবক অর্পণের পর সকলে ভাষাশহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন প্রেস ক্লাবের সদস্যরা।
পরে, গণমাধ্যমকে জাককানইবি প্রেস ক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। ভাষা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। যে বীর সন্তানেরা তাদের জীবনের বিনিময়ে এই ভাষা আমাদের ফিরিয়ে দিয়েছে, আজকের এই দিনে সেই বীরদের জানাই শ্রদ্ধা ও সালাম।
তিনি আরও বলেন, আমরা যেন আমাদের এই মাতৃভাষার মান সমুন্নত রাখতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ খুব লক্ষ করা যাচ্ছে। ভাষা প্রয়োগে সচেতন হব সবাই এই প্রত্যাশা করি। ভাষার অপব্যবহার রোধ হোক আমাদের এ দিবসের অঙ্গীকার।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন বলেন, আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে ভাষাশহীদরা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে জীবন উৎসর্গ করেছিলেন। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল বীর শহীদদের।
তিনি আরও বলেন, ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় এ দিনটি বিশ্বব্যাপী মর্যাদা পেয়েছে। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব শুদ্ধ বাংলা চর্চা, ভাষার মর্যাদা রক্ষা এবং ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন