ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তিতুমীর কলেজে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মুরাদ-হিমেল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৫:০১ পিএম
নবগঠিত কমিটির সভাপতি আল মুরাদ (বামে) সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল (ডানে)। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৮০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কলেজটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মুরাদকে সভাপতি এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

গতকাল সোমবার (৯ মার্চ) তিতুমীরস্থ নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত প্রাণের জেলা নীলফামারী। বাংলাদেশের অর্থনীতিতে এ জেলার মানুষের অবদান ব্যাপক। তবে আমি চাই অর্থনীতির পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও এ জেলার মানুষের অবস্থান প্রথম সারিতে দৃশ্যমান হোক। সেই লক্ষ্যে আমার প্রাণের জেলা নীলফামারী থেকে আগত শিক্ষার্থীদের তিতুমীর কলেজে পড়াশোনা ও এর সঙ্গে সম্পৃক্ত সকল বিষয় যেন সহজতর হয়। এ জন্য আমি আপনাদের পাশে সার্বক্ষণিক থাকব।

নতুন কমিটির সভাপতি আল-মুরাদ বলেন, আমরা চাই দলমত নির্বিশেষে জেলার সকল শিক্ষার্থীর পাশে দাঁড়াতে এবং তাদের একাডেমিক ও ক্যারিয়ার গঠনের পথ দেখাতে। আমরা ঐক্যবদ্ধভাবে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদকে একটি পরিবার হিসেবে গড়ে তুলব এবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকব।

সদ্য সাবেক সভাপতি সোয়াইব খান বলেন, নীলফামারী জেলার প্রতিটি শিক্ষার্থী যেন এই সংগঠনের মাধ্যমে সুদূর ঢাকার বুকে নিজেদের একটি পরিবার খুঁজে পায়। সবার মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনকে আরও গতিশীল ও কার্যকর করতেই নতুন কমিটি দায়িত্বশীলভাবে কাজ করবে। নতুন নেতৃত্বে সংগঠনটি শিক্ষা, মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে—এই প্রত্যাশা রইল।