বিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিড়ালপ্রেমীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে। লালগালিচায় আয়োজিত এই ব্যতিক্রমী র্যাম্প শোতে অংশ নেয় অসংখ্য পোষা বিড়াল।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ‘পেট লাভার্স অফ বিএইউ’র উদ্যোগে এ আয়োজন করা হয়। রাত ৮টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজনে ‘যেমন খুশি তেমন সাজো’, বিড়ালের প্রদর্শনী এবং র্যাম্প শো ছিল মূল আকর্ষণ। ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে মালিকরা তাদের পোষা বিড়াল নিয়ে এতে অংশ নেন। আয়োজকদের মতে, বিড়ালের প্রতি সচেতনতা বৃদ্ধি ও ভালোবাসা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিড়ালের র্যাম্প শো এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। পাশাপাশি বিড়ালের বিভিন্ন রোগব্যাধি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। শেষে সেরা বিড়ালকে ‘ক্যাট অফ দ্য শো’ ঘোষণা করা হয় এবং দর্শকদের জন্য র্যাফেল ড্র আয়োজন করা হয়।

এছাড়া অংশগ্রহণকারী বিড়ালদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনেশন সেবা দেওয়া হয়। নিবন্ধিত অংশগ্রহণকারীরা পান টি-শার্ট, নেক বেল্ট ও স্ন্যাকস।
সভাপতির বক্তব্যে মো. আতিকুর রহমান বলেন, প্রাণীর প্রতি মমত্ববোধ মানবিক গুণের প্রকাশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করার পাশাপাশি প্রাণিকল্যাণে সচেতনতা বাড়াবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, পোষা প্রাণীর প্রতি এ ধরনের ভালোবাসা ও সচেতনতা প্রশংসনীয়। বৈজ্ঞানিক নিয়ম মেনে প্রাণীর যত্ন নিলে মানুষ ও প্রাণীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন