ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের সব বিদ্যালয়কে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০১:০৪ এএম
ছবি: সংগৃহীত

সারাদেশের বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিটি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট এবং এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগে বিলম্বের কারণে অনেক প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে শ্রেণিকক্ষে পাঠদান স্বাভাবিক রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদনের মাধ্যমে এ পুল গঠন করতে হবে।

জেলা প্রশাসকদের নিজ নিজ উপজেলায় অবসরপ্রাপ্ত ও কর্মক্ষম শিক্ষকদের সমন্বয়ে এ ধরনের পুল গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ইউএনওর পরামর্শক্রমে এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অনুমোদন সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী এ পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হবে।

এ ছাড়া, এ ধরনের নিয়োগে সম্মানী বাবদ ব্যয় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিলের জরুরি খাত থেকে নির্বাহ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।