ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘বান্ধবীসংক্রান্ত সমস্যা থেকে’ সংঘর্ষ, বাকৃবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:৩০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৩তম ব্যাচের উদ্যোগে ৬৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যায় ওই হাতাহাতির ঘটনা ঘটে।

জানা যায়, অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ের শামসুল হক হল ও ঈশা খাঁ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। এ সময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষদের সিনিয়র শিক্ষার্থী ও আয়োজকবৃন্দ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করলেও বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এর পরপরই আয়োজকেরা দ্রুত সময়ের মধ্যে মঞ্চের সরঞ্জাম ও অন্যান্য আসবাবপত্র গুছিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ব্যক্তিগত ইস্যু থেকেই ঝামেলাটি হল পর্যন্ত গড়ায়। বান্ধবী-সংক্রান্ত সমস্যা থেকেই কথা কাটাকাটি থেকে মারামারি পর্যন্ত গড়িয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘সংবাদ পাওয়ার পরই আমি প্রক্টরিয়াল বডির সবাইকে নিয়ে ঘটনাস্থলে যাই। মারামারি করে দুই গ্রুপ দুই দিকে চলে গিয়েছিল। তবে সেখানে আরও মারামারির আশঙ্কা ছিল, আমরা তাদের বুঝিয়ে বলেছি। ছাত্ররা আমাদের কথা রেখে প্রোগ্রামটি বন্ধ করে দিয়েছে। মারামারির ভিডিও আমাদের কাছে ইতোমধ্যে এসেছে। আমরা এটি তদন্ত করে দেখব এবং যারা এই সুন্দর পরিবেশ নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’