বাঁধনের শহীদ নাজমুল আহসান হল ইউনিটের উদ্যোগে নবীনবরণ ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১২ জন স্বেচ্ছায় রক্তদাতাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন— রাকিব হোসেন সৌরভ, মো. আতিকুর রহমান আশিক, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. জসিম উদ্দিন, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. সৌরভ হোসাইন, চৌধুরী রেজওয়ান রিফাত, ইসতিয়াক হাসান, মো. আবু হোরাইরা আল রিজন, সাদিব বিন আসাদ, খন্দকার সাব্বির হোসাইন তামিম ও মো. ইশতিয়াক আহমেদ।
পরে ফুল ও উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাঁধনের শহীদ নাজমুল আহসান হল ইউনিট ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত মোট ৮৩ ব্যাগ বিশুদ্ধ রক্ত সরবরাহ করেছে। এর মধ্যে নতুন রক্তদাতা ছিলেন ২১ জন।
অনুষ্ঠানে ইউনিট সভাপতি ইনজামুল ইসলাম স্নিগ্ধর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সামছুল আলম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল সিদ্দিক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানসহ বাঁধনের সদস্য ও নবীন শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সামছুল আলম বলেন, মানবতার সেবায় বাঁধন যে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। একজন মানুষের সামান্য রক্তদান অন্য একজন মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সামাজিক ও মানবিক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে, যা আমাদের জন্য গর্বের।
তিনি আরও বলেন, তরুণদের এই স্বেচ্ছাসেবী মনোভাব ভবিষ্যতে মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন