ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শিক্ষা ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
এ সময় ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘খুনি লীগের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে সাদিক কায়েম বলেন, হাদির ওপর হামলাকারীদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগকে পরাজিত করেছে ছাত্রসমাজ। এই মুহূর্তে বাংলাদেশে পতিত শক্তি আওয়ামী লীগ। আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে ছাত্রসমাজ বসে থাকবে না।
তিনি বলেন, হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। অতিদ্রুত গ্রেপ্তার করা না হলে এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করা হবে।
-20251215120007-20251215081746.webp)

