বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনীতি বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চায় বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, ‘আমার একটি রাজনৈতিক পরিচয় থাকলেও উপদেষ্টার আসনে বসার সময় কোনো দলীয় পরিচয় নেই। আমি সক্রিয় ও দায়িত্বশীল জাতি ও সরকারের কাছে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করি না।’
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কেন্দ্র হয়ে গেলে শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনীতি আমাদের জ্ঞানচর্চায় বড় বাধা।’
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি ও অবকাঠামোগত সহযোগিতার প্রতিশ্রুতিও দেন। আ ফ ম খালিদ হোসেন জানান, আরবি বিভাগে এককালীন ২৫টি শিক্ষাবৃত্তি প্রদান করা হবে, যা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ক্রয়ে সহায়তা করবে।
এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং উপাচার্যকে তার খরচের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেবেন।
উল্লেখ্য, উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেছেন।



