ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আসছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে হবে পরীক্ষা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:০৭ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

এবার থেকে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ জন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির পথে হাঁটছে সংস্থাটি।

এনটিআরসিএর বিশ্বস্ত একটি সূত্র বলছে, ‘নিবন্ধন’ কথাটি থেকে তারা বের হয়ে আসতে চাইছেন। এ জন্য  ১৯তমর জায়গায় নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা করছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা সংগ্রহের পর এনটিআরসিএর বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।

এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এদিকে আসন্ন শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য আগামী রোববার থেকে অনলাইনে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ দিন চালু রাখার পরিকল্পনা করা হয়েছে।

এনটিআরসিএর চেয়ারম্যান বলেন, ই-রেজিস্ট্রেশনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১৫ দিন সময় দেওয়া হবে। এরপর অনলাইনে শূন্য পদের চাহিদা নেওয়া শুরু হবে।

নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে

নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল-কলেজে ও কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ ও ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসারা জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ ও ৬০ নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে।

জানা গেছে, এর আগে এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় প্রার্থীদের ভাইভার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো এবার নতুন বিধিমালায় ভাইভার নম্বর যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রথমবারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে গণনা করা হবে বয়স।