সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে আসছে জাতীয় বেতন কমিশন। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কমিশন।
বৈঠক শেষে নতুন পে-স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। পরবর্তীতে এটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করা হবে।
কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই নতুন কাঠামোটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই আংশিকভাবে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এর পূর্ণাঙ্গ সুফল পাওয়া যাবে আগামী অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকে। মূলত নির্বাচনের পর গঠিত নতুন সরকারের আমলে এটি পূর্ণমাত্রায় কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জও বটে। সংশ্লিষ্টদের ধারণা অনুযায়ী, পুরো কাঠামোটি কার্যকর করতে সরকারের বার্ষিক অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।
বেতন কমিশনের প্রধান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান গণমাধ্যমকে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, আমরা আগামীকাল ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার সময় পেয়েছি। সেদিনই প্রতিবেদন তার হাতে তুলে দেব। এতটুকু বলতে পারি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য খুব ভালো কিছু হতে যাচ্ছে।


