ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:২৮ পিএম
লিখিত পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ২০২৫-এর বিষয়ভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (২ মার্চ) সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহএই আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা এই পরীক্ষা চলবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ২০০।

লিখিত পরীক্ষার সময়সূচি

সোমবার (২৭ এপ্রিল) বাংলা ভাষা ও সাহিত্য, সমাজকল্যাণ, পদার্থবিদ্যা, যন্ত্রকৌশল ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইংরেজি, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, হিসাববিজ্ঞান ও স্থাপত্যকৌশল বিষয়ের পরীক্ষা হবে। 

বুধবার (২৯ এপ্রিল) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সিরামিক ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা প্রশাসন/কৃষি ব্যবসা ব্যবস্থাপনা, পশু চিকিৎসাবিজ্ঞান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ মে) অর্থনীতি, ফিন্যান্স, কৃষি, কৃষি অর্থনীতি ও তড়িৎ কৌশল; ৫ মে (মঙ্গলবার) রসায়ন, গণিত, প্রাণরসায়ন, বনবিদ্যা ও রসায়ন প্রকৌশল; ৬ মে (বুধবার) ফলিত রসায়ন, ফলিত গণিত, প্রাণিবিদ্যা, মেডিকেল সায়েন্স ও পশু পালন।

বৃহস্পতিবার (৭ মে) আরবি, ইসলামী শিক্ষা, মার্কেটিং, মৎস্যবিদ্যা ও পুরকৌশল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং নির্দেশনাগুলো পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। উত্তীর্ণ প্রার্থীরা সবাই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।