পবিত্র ঈদুল ফিতরে ৬০ শতাংশ বোনাস পাবেন না এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের উৎসব ভাতা ৫০ শতাংশ হিসেবেই বিল সাবমিট করা হয়েছে, যা ঈদের পর মার্চ মাসের বেতনের সাথে সামঞ্জস্য হতে পারে অথবা ঈদুল আজহা থেকে তারা বর্ধিত উৎসব ভাতা পেতে পারেন।
এদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ মার্চ) মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ১০ শতাংশ উৎসব ভাতা বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা অনুমোদন দিলে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। কিন্তু আমি দেখছি, ভেতরের আলোচনা অনেক সময় বাইরে চলে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এর আগে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১০ শতাংশ উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন দেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে উৎসব ভাতা বৃদ্ধির একটি ডিও লেটার অর্থমন্ত্রী বরাবর পাঠানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে বর্ধিত উৎসব ভাতা পাওয়ার সম্ভাবনা নেই। তবে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমতি মেলার পর এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। এর ফলে ঈদের পর এই ১০ শতাংশ অর্থ সামঞ্জস্য করে তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন