শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, স্কুলে ভর্তি কার্যক্রমে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এখন থেকে পরীক্ষা পদ্ধতিতে ভর্তি নেয়া হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, খুব সহজ ও সাধারণ কোনো পদ্ধতিতে—সম্ভবত পরীক্ষার মাধ্যমে—শিক্ষার্থীদের ভর্তি করানো হতে পারে।
মন্ত্রী বলেন, একদিন আগে সংসদেও তিনি জানিয়েছেন যে ভর্তি পদ্ধতি নির্ধারণের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে এবং সেই প্রক্রিয়া এখনও বহাল আছে। আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, লটারি পদ্ধতি কোনো স্থায়ী সমাধান নয়। ২০০১ সালে সমন্বিত ভর্তি ব্যবস্থা তারাই চালু করেছিলেন। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, সেখানে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ আমাদের তুলনায় অনেক বেশি। সরকার ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা চালু করেছে এবং শিক্ষাব্যস্থার উন্নয়নে আরও বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।


