ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যে দিন শেষ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতনের বিল সাবমিট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১২:১২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতনের বিল সাবমিট কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস)। সংস্থাটি জানিয়েছিল, স্কুল-কলেজের মার্চ মাসের এমপিও ইএফটি বিল সাবমিট আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে।

মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঈদুল ফিতরের ছুটি ও বিল সাবমিট প্রক্রিয়া শেষ হওয়ার পরই বকেয়া বিল ছাড়ের কাজ শুরু হতে পারে।

সোমবার (২৩ মার্চ) মাউশির ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, শিক্ষকদের দ্রুত বকেয়া বেতনের তথ্য সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। বকেয়া বিল সাবমিটের নির্ধারিত সময়সীমা আগেই শেষ হয়ে গেলেও অনেক শিক্ষক বিল জমা না দেওয়ায় তাদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদুল ফিতরের ছুটি শেষে একটি সভার মাধ্যমে বিল সাবমিটের অপশন বন্ধ করে দেওয়া হবে। এরপর যারা বিল জমা দিয়েছেন, তাদের বকেয়া বেতন ও উৎসব ভাতাসহ অর্থ প্রদান করা হবে।

এর আগে শিক্ষকদের অনাগ্রহের কারণে বিল সাবমিট কার্যক্রম ধীরগতিতে চলছিল। এ বিষয়ে মাউশির কর্মকর্তারা শিক্ষকদের দ্রুত বিল সাবমিট করার আহ্বান জানিয়েছিলেন।

ওই কর্মকর্তা বলেন, শিক্ষকরা ধীরগতিতে বিল সাবমিট করছেন। তারা দ্রুত আবেদন করলে আমরা দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারি এবং তারা দ্রুত অর্থ পেতে পারেন। কিন্তু বিল জমা দেওয়ার গতি কম থাকায় আমরা অপেক্ষা করছি।

এদিকে অধিদপ্তরের এক চিঠিতে ফেব্রুয়ারি মাসের বেতনের বিল ২৪ ফেব্রুয়ারির মধ্যে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ শিক্ষক বিল জমা না দেওয়ায় বেতন ছাড়ে বিলম্ব হয়েছিল।