এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতির মাধ্যমে প্রদানের জন্য অনলাইনে বিল সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নির্দেশনা অনুযায়ী, ২৮ মার্চের মধ্যে মার্চ মাসের বিল অনলাইনে সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিল করা না হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানো হবে না, এবং এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
মাউশির ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ২৮ মার্চের মধ্যে বিল সাবমিট করা হলে এপ্রিলের ৮ বা ৯ তারিখের মধ্যে শিক্ষকরা মার্চ মাসের বেতন পেতে পারেন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে অনলাইনে বিল সাবমিটের অপশন চালু করা হয়েছে বলেও তিনি জানান।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতিমাসে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট বাধ্যতামূলক। বিল দাখিলের পর এর কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রদান শুরু হয়েছে। পরবর্তীতে আগস্ট মাস থেকে মাসভিত্তিক অনলাইনে বিল সাবমিট বাধ্যতামূলক করা হয়। প্রতিষ্ঠান প্রধানরা এমপিও সংক্রান্ত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল দাখিল করছেন।
নতুন ব্যবস্থায় প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য বেতন আলাদাভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুপস্থিত থাকলে সে অনুযায়ী তথ্য উল্লেখ করে বিল দাখিল করতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, আইবাস যাচাইয়ের মাধ্যমে শুধুমাত্র বৈধ জনবলের তথ্যই এখন সিস্টেমে যুক্ত হচ্ছে। যাদের তথ্য এখনো যাচাই হয়নি, তা পরবর্তী সময়ে আপডেট করে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন