২০২৬ সালের দাখিল পরীক্ষার প্রস্তুতি জোরদারে সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ১৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত জেলাভিত্তিক এসব কর্মকর্তা কেন্দ্র পরিদর্শন করে অসংগতি চিহ্নিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বোর্ডের প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক; চাঁদপুরে রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ; সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া নোয়াখালীতে মাদরাসা পরিদর্শক প্রফেসর মো. আব্দুল মান্নান; বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠিতে প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহ; নাটোর, নওগাঁ ও বগুড়ায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মহাতাব হোসেন; ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে উপ-রেজিস্ট্রার মো. আব্দুর রশিদ দায়িত্বে থাকবেন।
সাতক্ষীরা, যশোর ও নড়াইলে উপ-রেজিস্ট্রার মো. জিয়াউর রহমান; কুমিল্লায় কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ; নেত্রকোনায় উপ-মাদরাসা পরিদর্শক-১ মো. আকরাম হোসেন; রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে উপ-পরিদর্শক-২ শরীফ মুহাম্মদ ইউনুছ দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া রংপুরে উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন; শেরপুরে সহকারী পরিদর্শক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন; গাজীপুরে সহকারী পরিদর্শক মো. জাহিদুল হক ছিদ্দিকী; চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়িতে সহকারী প্রোগ্রামার মো. মামুন-অর-রশিদ এবং বান্দরবানে সহকারী প্রোগ্রামার তানজারুল ইসলাম মিশু দায়িত্ব পালন করবেন।
নির্দেশনায় বলা হয়েছে, পরিদর্শনকালে কর্মকর্তারা কেন্দ্রের সার্বিক পরিবেশ, অসংগতি এবং সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য পরিদর্শন বহিতে লিপিবদ্ধ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। পরিদর্শন শেষে প্রত্যেক কর্মকর্তাকে পৃথকভাবে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।
এ ছাড়া বিধি অনুযায়ী কর্মকর্তারা টিএ/ডিএ পাবেন। প্রয়োজন হলে বোর্ড অতিরিক্ত কর্মকর্তা সংযুক্ত বা পরিবর্তন করতে পারবে। বোর্ড থেকে যাতায়াতের ব্যবস্থা করা হলে আলাদা ভাতা প্রযোজ্য হবে না। নির্ধারিত পরিদর্শন সম্পন্ন না করলে বিল দাখিল করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন