ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন নিয়ে ফের নতুন তথ্য

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:১৩ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেতনের তথ্য আইবাস সফটওয়্যারে যুক্ত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, বেতনের তথ্য আইবাস-এ যুক্ত হলেও এখনই শিক্ষক-কর্মচারীরা মার্চের বেতন পাচ্ছেন না। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় হতে হবে। এরপর সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে বেতন যাবে। এ কাজে কিছুটা সময় লাগবে।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।