ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আরও ৩৪৯ উপজেলায় চালু হচ্ছে প্রাথমিকের ‘মিড ডে মিল’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু হওয়া ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি দেশের আরও ৩৪৯টি উপজেলায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, গত বছর দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করা হয়েছিল। নতুন করে আরও ৩৪৯টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে দেশের সব মহানগর, জেলা শহর এবং গ্রামের স্কুলগুলো এ কর্মসূচির আওতায় আসবে। নতুন প্রকল্পের কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গত বছরের ১৫ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি চালু করে সরকার। নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীর জন্য সপ্তাহে পাঁচ কর্মদিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধসহ পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।

তবে এ সময় দেশের বিভিন্ন স্থানে নষ্ট বা অপরিপক্ব কলা, নষ্ট ডিম, ফাঙ্গাস ধরা পাউরুটিসহ মানহীন খাবার সরবরাহের অভিযোগ ওঠে।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিভিন্ন স্থান থেকে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পটি যেহেতু নতুন, তাই কিছুটা ত্রুটি হতে পারে। তবে অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্ট ঠিকাদারদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।