বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানসহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে রুল ও স্টে জারি করেছেন আদালত। এর ফলে আগামী শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া এ নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ কার্যক্রমে আদালত স্থগিতাদেশ দিয়েছেন। এ স্থগিতাদেশ বহাল থাকলে ১৮ এপ্রিলের পরীক্ষা আয়োজন করা সম্ভব নাও হতে পারে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবারই আপিল করা হতে পারে। আপিলে স্থগিতাদেশ প্রত্যাহার হলে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার উদ্যোগ থাকবে।
এ বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বলেন, আদালতের স্থগিতাদেশের বিষয়টি জানা গেছে এবং এ নিয়ে এনটিআরসিএ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন