আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের মধ্যেই তারা ঈদ বোনাস হাতে পেতে পারেন।
রোববার (১০ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত ফাইল ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, ফাইল পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যেই অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হয়ে চেক ইস্যু করা হয়।
সূত্রটি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস পৌঁছে যেতে পারে।
এদিকে, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে। চলতি সপ্তাহে তারা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন।
উল্লেখ্য, দেশে বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল-আলিম-ফাজিল পর্যায়ের মাদ্রাসা রয়েছে ৫ হাজার ৭৬৭টি, আলিম পর্যায়ের ১ হাজার ২৮৫টি, ফাজিল পর্যায়ের ৯৯৩টি এবং কামিল পর্যায়ের ১৮৪টি।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন, যারা দেশের শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন