রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মঙ্গলবার (১২ মে) যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকান ও ক্যান্টিনে তদারকি করা হয়। পরিদর্শনের সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং অনুমোদনহীন ফুড কালার ব্যবহারের মতো নানা অনিয়ম ধরা পড়ে। এ সময় বাসি খাবার, কালিযুক্ত কাগজের প্যাকেট এবং ক্ষতিকর ফুড কালার জব্দ করা হয়।
অভিযানে ফটিক জলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চারু আড্ডা, বাইটস অ্যান্ড ব্রিউ লাইফ বেকারি এবং রুয়েট ক্যাফেটেরিয়াকে ২ হাজার টাকা করে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। খাবারে পোকা পাওয়াসহ বিভিন্ন অভিযোগে বাংলা টিফিন ক্যান্টিনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে শহীদিলের টং থেকে কালিযুক্ত কাগজের প্যাকেট জব্দ করে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এবং বিএসটিআইয়ের ইনস্পেক্টিং অফিসার ইঞ্জিনিয়ার জোনায়েদ আহমেদ। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার।
ফজলে এলাহী বলেন, শিক্ষার্থীদের ব্যবহৃত খাবারের স্থানগুলোতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করা রুয়েট প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানকে ইতিবাচকভাবে নিয়েছেন শিক্ষার্থীরা। তবে অনেকেই মনে করছেন, খাদ্যের মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং আরও জোরদার করা প্রয়োজন।

