ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯০ শতাংশই অকৃতকার্য হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল ও বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এবারের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯০ শতাংশই ফেল করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন ৩২ জন পরীক্ষার্থী। বিপুলসংখ্যক পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী ন্যূনতম পাস নম্বর অর্জন করতে সক্ষম হয়েছেন।
আসন বণ্টনের তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন