সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের তারিখের কথা বলা হচ্ছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট করেছে, এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই। খাতা দেখার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিগগিরই ফল প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে সামছুল আহসান গণমাধ্যমকে জানান, তারা এখনো নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাননি। এরপরও দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা চলছে।
২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। ফলে নিশ্চিত করে বলা সম্ভব নয়, কখন ফল প্রকাশ হবে।’
পরীক্ষার ফল প্রকাশ বাতিল হবে বা না হবে— এমন কোনো বিষয়েও তিনি কিছু জানাতে পারেননি।
গত ৯ জানুয়ারি ৬১ জেলায় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন শেয়ার করা হয়।
এ ছাড়া ‘ডিভাইস পার্টি’ নামে একটি গোষ্ঠী মোটা অঙ্কের টাকা নিয়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলের সহায়তা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এই অবৈধ কর্মকাণ্ডের কারণে ২০৭ পরীক্ষার্থী হাতেনাতে আটক হয়েছেন, যাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮, দিনাজপুরে ১৮, কুড়িগ্রামে ১৬ এবং রংপুরে দুজন রয়েছেন।
প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে কিছু পরীক্ষার্থী আন্দোলনে নেমেছিলেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ কারণে পরীক্ষা বাতিল করার কোনো সুযোগ নেই।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন