ঠাকুর পরিবারের উত্তরাধিকার বহন করলেও পতৌদি প্রাসাদে বাংলা চর্চা ছিল প্রায় অনুপস্থিত। এবার সাইফ আলি খান হঠাৎই সিদ্ধান্ত নিলেন বাংলা শেখার! বলিউডের নবাবের এই আগ্রহ কি শিকড়ে ফেরার ইঙ্গিত, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো গল্প?
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খান নিজেই জানিয়েছেন, আগামী কয়েক মাস তিনি শুটিং থেকে সম্পূর্ণ বিরতি নিচ্ছেন। এই সময়টা তিনি ব্যয় করবেন একেবারে ভিন্ন কাজে বাংলা ভাষা শেখায়। জানা যায়, আগামী তিন মাস বাড়িতে শিক্ষক রেখে নিয়মিত বাংলা শেখার পরিকল্পনা করেছেন তিনি।
তাই দর্শক মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি মায়ের মতো বা বোন সোহা আলি খানের পথ ধরে বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন সাইফ? এই প্রশ্নের সরাসরি উত্তর অবশ্য দেননি তিনি।
তবে সূত্র থেকে জানা যায়, একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবেই বাংলা শেখার এই উদ্যোগ। কোন চরিত্র, কার জীবনী সে বিষয়ে এখনো মুখ খোলেননি সাইফ। এর পাশাপাশি ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ও পার করছেন অভিনেতা। চলতি বছরের শুরুতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনা এখনো তাকে তাড়া করে ফেরে। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের টক শোতে এসে সেই ট্রমার কথাও অকপটে স্বীকার করেন সাইফ।
তার কথায়, ‘আজও রাতে সেই ঘটনার ছবি চোখের সামনে ভেসে ওঠে। ভাবলে আতঙ্ক লাগে যদি সেদিন দেরিতে ঘুম ভাঙত, তাহলে জেহকে বাঁচাতে পারতাম না।’ তবে তার এই বাংলা ভাষা শেখার প্রক্রিয়ায় মা শর্মিলা ঠাকুর ছেলের পাশে আছেন এবং তাকে নিয়মিত সাহায্য করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন