বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।
ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
শাকিব খানের এই পোস্টে অল্প সময়ের মধ্যেই হাজারো ভক্ত ও অনুসারী শোক প্রকাশ করে মন্তব্য করেন।
শাকিব খান ছাড়াও বিনোদন জগতের আরও অনেক তারকা খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ।
পাশাপাশি নির্মাতা আশফাক নিপুণ, রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তি সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেন।
১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।


