‘ক্লোজআপ ওয়ান তারকা’ খ্যাত সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারে ফাটল ধরেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সালমার স্বামী সানাউল্লাহ নূর নিজেই। এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সেপারেটেড’। তবে কী কারণে তাদের এই আলাদা থাকা তা নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
এ বিষয়ে জানতে সালমার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে ‘সেপারেটেড’ প্রসঙ্গে বলেন, ‘তেমন কিছু না। আমাদের দুজনের মতের অমিল হচ্ছে, যে কারণে আপাতত আলাদা আছি। দেখি মিল হয় কি না মতের। আমাদের ডিভোর্স হয়নি, কিন্তু আলাদা থাকছি। চিন্তার চেতনার পার্থক্যের কারণেই আলাদা থাকা। সব ঠিক হলে আবার একসঙ্গে থাকব।’
সালমা বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। তবে কী কারণে তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন জানি না। আমি তো কিছু লিখিনি। আমাদের কিছু হয়নি। আমরা ভালো আছি। তিনি হয়তো একান্তভাবে কিছু সময় কাটাতে চাচ্ছেন। যে কারণে হয়তো এমন স্ট্যাটাস। এ নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না।’
২০১৮ সালের বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় সালমা ও সানাউল্লাহ নূরের। এক বছর পর বিয়ের খবর দেন তারা।
প্রথম স্বামী সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে ছাড়াছাড়ির পর জজ কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করে সালমা বলেছিলেন, ‘অনেক ভেবেচিন্তে বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। আসলে সাগর খুব ভালো ছেলে। সে আমার অনেক যত্ন করে। আমার গান চর্চাতেও তার কোনো সমস্যা নেই। বলতে পারেন, মনের মতো একজন স্বামী পেয়েছি। আমি অনেক খুশি।’
এ সময় তিনি স্বামীর সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকার কথা জানিয়ে সবার কাছে নবদম্পতির জন্য দোয়াও চেয়েছিলেন। তবে তাদের ৯ বছরের সম্পর্ক ভালো নেই। বর্তমানে দুজনে আলাদা থাকছেন।
রিয়েলিটি শো ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হন মৌসুমী আক্তার সালমা। এরপর মিডিয়ায় নিজের পাকাপোক্ত জায়গা করে নেন এই শিল্পী।
২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয় সালমার। ২০১৬ সালের ২০ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় তাদের। এই সংসারে স্নেহা নামে সালমার এক কন্যাসন্তান রয়েছে।

