দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও কানাঘুষার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্ক আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে পরিণয় পাচ্ছে।
প্রায় এক বছর ধরেই জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব ছিলেন দুজন। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে শুধু ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও আজ সব জল্পনার ইতি টেনে বিয়ের সিদ্ধান্তে পৌঁছালেন তারা।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে পারিবারিক আয়োজনে আজ তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী, অভিনেতা ও উপস্থাপক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে জেফার রহমানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জানা যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই জেফার ও রাফসানের সম্পর্কের শুরু। সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় গভীর জানাশোনায়, আর সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত।
মূলত এক বছর আগে রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা জোরালো হয়। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে একসঙ্গে ঘুরতে দেখা যায় এই জুটিকে। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন মাত্রা যোগ হয়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে একটি জনপ্রিয় খাবারের দোকানে তাদের কিছু ছবি ছড়িয়ে পড়লে সম্পর্কের গুঞ্জন আরও দৃঢ় হয়।
সে সময় এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে জেফার রহমান বলেন, ‘এ নিয়ে তার কিছু বলার নেই। তিনি তখন মন্তব্য করেছিলেন, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যেই তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা কথা বলছে। ‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরাই ঠিক করে দিচ্ছে’—এমন মন্তব্য করে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কিছু শেয়ার করতে তিনি যে আগ্রহী নন, সেটিও স্পষ্ট করেছিলেন।
সব জল্পনা-কল্পনার মধ্যেই আজ বাস্তবে রূপ নিচ্ছে সেই আলোচিত সম্পর্ক। বলা যায়, যা রটে, তার কিছুটা হলেও যে ঘটে—জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়েই তার সাম্প্রতিক উদাহরণ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন