গত বছরের ১৯ সেপ্টেম্বর একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তানজিম তৈয়বের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ে বন্ধনে আবদ্ধ হন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। স্বামীকে নিয়ে এবার আবেগঘন ফারিয়া।
শনিবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। কারণ আল্লাহ এমন একজন সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন। এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।’
তিনি লেখেন, একসময় তিনি আবার বিয়ে করার বিষয়ে নিজেই দ্বিধায় ছিলেন। তখন তার কাছের মানুষরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন—তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, আল্লাহ তাকে যথেষ্ট পরীক্ষা নিয়েছেন, ইনশাআল্লাহ সামনে সবকিছু ভালো হবে।
অভিনেত্রী শবনম ফারিয়া লেখেন, ‘মাত্র তিন দিন আগে নিজেদের নতুন বাসায় উঠেছি। এই অল্প সময়েই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মনে হচ্ছে, জীবন সত্যিই সার্থক হয়ে উঠেছে।’

