ঢালিউডের পরবর্তী সিনেমা ‘রকস্টার’-এ মেগাস্টার শাকিব খান জুটি গড়তে যাচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলার সঙ্গে।
সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিথিলা দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য পরিচালকের সঙ্গে একাধিক আলোচনা শেষ করেছেন। তবে তিনি নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে শাকিবের সিনেমার প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন তা নিয়ে শোবিজে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, পাকিস্তানের জনপ্রিয় এক অভিনেত্রীকে দেখা যেতে পারে ‘রকস্টার’-এ।
সিনেমায় শাকিবের দুই নায়িকা কারা থাকছেন সে প্রসঙ্গে পরিচালক আজমান রুশোর কাছে জানতে চাওয়া হলে সংবাদ মাধ্যমে তিনি বলেন, নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা খুব শিগগিরই দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। প্রধান নায়িকা নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত হওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।
আশা করা হচ্ছে, শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
বর্তমানে ‘প্রিন্স’ ও ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। এ দুই সিনেমার কাজ শেষ হলেই কিছু সময় বিরতি নিয়ে ‘রকস্টার’-এর শুটিং শুরু করবেন ঢালিউড এ অভিনেতা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন