আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেপ্তার করা হলো তাকে।
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও নিজ এলাকায় (বগুড়া) ভোট দিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। সেই কথামতো তিনি বগুড়ায় যান। অবশেষে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানার পুলিশ।
বগুড়া সদর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়। তার নামে একটি মামলায় গ্রেপ্তাারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই তাকে গ্রেপ্তারি করা হলো।’
গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ওই পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
এরপর ১১ ফেব্রুয়ারি হিরো আলম বলেন, ‘আমি এলাকার দিকে রওনা হয়েছি। রাতের মধ্যে এলাকায় চলে যাব। মামলা তো ভুয়া। নির্বাচনের পর আমি আদালত যাব। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও আমি ভোট দিতে যাব। কারণ ভোট দেওয়া আমার নাগরিক অধিকার।’

