বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম ‘তুই ফেলে এসেছিস কারে’। আজও গানটির আবেদন অমলিন। নবীন-প্রবীণ বহু শিল্পীর কণ্ঠে ডানা মেলেছে এটি। এবার গানটি গাইলেন গুণী সংগীতশিল্পী সৈকত দাস।
‘তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার’— এমন কথামালায় সাজানো কবিগুরুর এই সৃষ্টিতে সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
সৈকত দাস বলেন, সুমন কল্যাণ একদিন আমাকে বললেন, দাদা আধুনিক গান তো অনেক করলেন। আপনার কণ্ঠে রবীন্দ্রসংগীতের ঘ্রাণ আছে। এরপরই রবি ঠাকুরের গান করা। করতে গিয়ে আমি রবীন্দ্রসংগীতের প্রেমে পড়ে গেলাম।
সুমন কল্যাণ বলেন, সৈকত দা সত্তরের দশক থেকে গান করছেন। তার অনেক গান জনপ্রিয় শিল্পীদের গায়ক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। কিন্তু তিনি নিজেকে কখনও সামনে আনেননি। আড়ালেই থেকে গেছেন। এর মধ্যেই রবি ঠাকুরের কয়েকটি গান তিনি করেছেন। আশা করি, শ্রোতাদের সমাদর পাবে।
সত্তরের দশক থেকে বাংলাদেশ টেলিভিশন-এ গান করে আসছেন সৈকত দাস। ১৯৮০ সালে সাদাকালো থেকে রঙিন যুগে প্রবেশ করে বিটিভি। সেই সময়ও তিনি নিয়মিত ছিলেন। বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে নিয়মিত গেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘শিউলিমালা’। জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন।
চট্টগ্রাম বেতার-এও গান করেছেন সৈকত দাস। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গান করছেন তিনি। ‘তুই ফেলে এসেছিস কারে’ ছাড়াও তার বেশ কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন